


কলকাতা, ২০ জুন: বিধানসভায় সই জাল কাণ্ডে এবার বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হল সিআইডি। আজ, শনিবার সকালে তদন্তকারী সংস্থার দুই সদস্যের একটি দল ভবানীপুরে শোভনদেবের বাড়িতে যায়। প্রায় দেড় ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।
সই জাল কাণ্ডের তদন্তে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন শোভনদেব। তবে সংবাদমাধ্যমকে জানিয়ে সিআইডি দল এদিন তাঁর বাড়িতে আসায় রীতিমতো অসন্তুষ্ট বর্ষীয়ান এই বিধায়ক।
সিআইডির জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব বলেন, ‘সিআইডি এর আগে আমার কাছে রেজ্যুলিউশন কপি বুক চেয়েছিলে। কিন্তু হাইকোর্টে মামলা চলায় সেটি আইনজীবীর কাছে ছিল। সম্প্রতি আইনজীবীর থেকে কপি বুক আমি হাতে পাই। তারপর সিআইডিকে ফোন করে বাড়িতে আসতে বলি। তারা এসেছিল। তদন্তকারীদের হাতে দুটি রেজ্যুলিউশন কপি বুক সহ অন্যান্য কাগজপত্র তুলে দিয়েছি।’
এর রেশ ধরে তিনি আরো বলেন, ‘আমি কোনওদিন কোনও অন্যায় করিনি। আমি সিআইডিকে ডাকলাম, আর ওরা সংবাদমাধ্যমকে জানিয়ে ক্যামেরা নিয়ে আসলো! এটা দুর্ভাগ্যজনক।’