


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ আইনুল হকের অস্বাভাবিক মৃত্যু। শনিবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় আইনুলের বাড়ি। একসময় কংগ্রেস করলেও পরে যোগ দেন তৃণমূলে। মহকুমায় ঘাসফুলের শীর্ষ নেতাদের মধ্যে একজন তিনি। ছিলেন দলের দার্জিলিং জেলা (সমতল) কোর কমিটির সদস্য।
জানা গিয়েছেন, রাজনৈতিক কেরিয়ারের গোড়ার দিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন আইনুল হক। পরে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মহকুমা পরিষদের সহকারী সভাধিপতির দায়িত্বও পালন করেছেন তিনি। বর্তমানে মহকুমা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তৃণমূল কংগ্রেস। মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, ‘আইনুলসাহেব এমন কেন করলেন বুঝতে পারছি না। তাঁর বাড়িতে যাব।’