


নয়াদিল্লি: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে একই দিনে থমকে গেল ভারতীয়দের সিঙ্গলস অভিযান। বৃহস্পতিবার মাত্র এক ঘণ্টার ব্যবধানে বিদায় নিলেন আয়ূষ শেঠি এবং পিভি সিন্ধু। তবে ডাবলসে এখনও জ্বলছে আশার প্রদীপ। পুরুষদের ডাবলসের শেষ আটে জায়গা নিশ্চিত করেছেন চিরাগ শেঠি-সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি। শুরুতে পিছিয়ে পড়েও মালয়েশিয়ার জুনাইদি আরিফ ও ইয়াপ রয় কিংয়ের বিরুদ্ধে ২১-২৩, ২১-১৯, ২১-১৭ গেমে জিতে কোর্ট ছাড়েন চিরাগরা। মহিলাদের ডাবলসে গায়ত্রী গোপীচাঁদ এবং তৃষা জলি জুটিও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তাঁরা ২১-১৬, ২১-১২ গেমে হারিয়েছেন জাপানের ইওয়ানাগা-নাকানিশি জুটিকে।
মহিলাদের সিঙ্গলসের শেষ ষোলোয় মরিয়া চেষ্টা চালিয়েও শেষরক্ষা হল না সিন্ধুর। ওলিম্পিকসে জোড়া পদকজয়ী ভারতীয় তারকা ১১-২১, ২১-১৫, ১৭-২১ গেমে বশ মানলেন চীনের ওয়াং ঝি ই’র কাছে। জড়তা কাটিয়ে ওঠার আগেই প্রথম গেম হাতছাড়া হয় সিন্ধুর। তবে দ্বিতীয় গেমে দুরন্ত প্রত্যাঘাতে সমতা ফেরান তিনি। অন্তিম গেমেও এক সময় ৬-২ এগিয়ে ছিলেন ভারতীয় তারকা। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর চাপের কাছে হার মানেন সিন্ধু। পাশাপাশি পুরুষদের সিঙ্গলসে এদিন ইন্দোনেশিয়ার আলবি ফারহানের সামনে দাঁড়াতেই পারলেন না আয়ূষ শেঠি। শেষ ষোলোর ম্যাচে ২১ বছরের ভারতীয় শাটলার হারলেন ১৯-২১, ১১-২১ স্ট্রেট গেমে।