


নয়াদিল্লি: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোমবার অভিযান শুরু করছেন পিভি সিন্ধু, লক্ষ্য সেনরা। এই প্রথমবার আসর বসেছে দেশের মাটিতে। রাজধানীর ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ আয়ারল্যান্ডের সোফিয়া নোবলে। গত মাসে জাপান ওপেন জয়ের সুবাদে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন হায়দরাবাদি শাটলার। এদিন সাংবাদিক সম্মেলনে সিন্ধু বলেন, ‘দেশের মাটিতে টুর্নামেন্ট হচ্ছে। তাই দর্শকদের সমর্থন পাব। প্রস্তুতিও ভালো হয়েছে।’ পুরুষদের সিঙ্গলসে ভারতের ভরসা লক্ষ্য সেন। প্রথম রাউন্ডে তাঁর সামনে রোমানিয়ার কলিন্স ফিলিমন। নজর থাকবে উদীয়মান আয়ূষ শেঠির দিকেও। আর পুরুষদের ডাবলসে পদকের প্রত্যাশা থাকবে চিরাগ শেঠি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটির কাছে। সরাসরি দ্বিতীয় রাউন্ড থেকে অভিযান শুরু করবেন চিরাগরা।