


নয়াদিল্লি. ৯ মার্চ: পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকায় বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে। এর বিরুদ্ধে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে। আজ, সোমবার, আবেদনকারীদের তরফে এনিয়ে দেশের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন সিনিয়র আইনজীবী মেনকা গুরুস্বামী। আবেদনের দ্রুত শুনানির আরজি জানান তিনি।
সে সময় প্রধান বিচারপতি জানান, বর্তমান পরিস্থিতিতে জুডিশিয়াল অফিসারদের এড়িয়ে গিয়ে এভাবে কোনও আবেদন শোনা সম্ভব নয়। যার পরিপ্রেক্ষিতে আইনজীবী গুরুস্বামী বলেন, আবেদনকারীরা বঞ্চনার শিকার।
আগামীকাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি আছে। সেই মামলার সঙ্গে এই বিষয়টিও শুনতে শেষ পর্যন্ত রাজি হয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।
এসআইআর পর্বের শেষে গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে রাজ্যের প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়েছে। এছাড়া ৬০ লক্ষের বেশি নাম বিবেচনাধীন ছিল। ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তিতে গত মাসে জুডিশিয়াল অফিসার নিয়োগ করে সুপ্রিম কোর্ট।