


সংবাদদাতা, মালদহ: বিশ্বের সেরা গবেষক বিজ্ঞানীদের তালিকায় স্থান পেলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছয় অধ্যাপক ও দুই গবেষক। আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিবছর এই তালিকা প্রকাশ করে। সারা বিশ্বের শিক্ষক, গবেষক ও বিজ্ঞানীদের ২ শতাংশ স্থান পান ওই তালিকায়। বৃহস্পতিবার এ বছরের তালিকা প্রকাশ করেছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই তালিকায় রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক সনাতন দাস (র্যাংক ৪০,২১৬) এবং ওই বিভাগের গবেষক পলি কর্মকার (র্যাংক ২,৩৪,২২০) ও আসগর আলি (র্যাংক ১১৭,৫৩১), ভূগোল বিভাগের তিন অধ্যাপক সুনীল সাহা (র্যাংক ২৩,২০৮), স্বদেশ পাল (র্যাংক ৩৪,০৯০) ও অরিজিৎ দাস (র্যাংক ৬২,৯৫৯), প্রাণীবিদ্যার অধ্যাপক শ্যামাপদ মণ্ডল (র্যাংক ১,৪২,৯৪২) এবং শারীরবিদ্যার অধ্যাপক বিপ্লব গিরি (র্যাংক ৩,০১,২৫০)।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক মানের বিভিন্ন জার্নালে ওই অধ্যাপকদের গবেষণাপত্র উল্লেখযোগ্য সংখ্যায় রেফার করা হয়েছে। মোট ৫০টি মাপকাঠির ভিত্তিতে এই নির্বাচন করা হয়। কোন জার্নালে ওই লেখা প্রকাশিত ও রেফার করা হয়েছে তার মানও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সনাতন বলেন, গতবছরও এই স্বীকৃতি মিলেছিল। এবারও সেই স্বীকৃতি ধরে রাখতে পারায় সহকর্মী এবং নিজের জন্য ভালো লাগছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলের বক্তব্য, নিজেদের বিষয়ে ওই অধ্যাপকদের গভীর জ্ঞান এবং পাণ্ডিত্য রয়েছে। এর আগেও তাঁরা এই মর্যাদা পেয়েছেন।