


লিডস: পাকিস্তানের পর নেদারল্যান্ডস, মহিলাদের টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল ভারত। বুধবার হরমনপ্রীত কাউর ব্রিগেড ৯৫ রানে হারায় ডাচদের। এই জয়ের সুবাদে নেট রান-রেটও বাড়িয়ে রাখল টিম ইন্ডিয়া।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৯ রানে থামে ভারত। ওপেনিংয়ে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা যোগ করেন ১১৫। সেটাই বড়ো রানের ভিত গড়ে দেয়। বিশ্বকাপের আসরে এটাই শেফালির (৩৮ বলে ৫৫) প্রথম হাফ-সেঞ্চুরি। তাঁর ইনিংস সাজানো ১০টি চারে। অন্যদিকে, চলতি আসরে টানা দ্বিতীয় পঞ্চাশ করলেন স্মৃতি। ৪৭ বলে তাঁর ৭৪ রানে রয়েছে ১১টি চার ও ১টি ছক্কা। যস্তিকা ভাটিয়া (৩) ব্যর্থ হলেও জেমাইমা রডরিগেজ (১৯), রিচা ঘোষ (২০), হরমনপ্রীত (১২), দীপ্তি শর্মা (অপরাজিত ১০) সঙ্গতে থাকেন। জবাবে নেদারল্যান্ডস ১৭.৩ ওভারে তোলে ১১৪। ভারতের সফলতম বোলার শ্রী চরণি (৪-১৯)।