


সংবাদদাতা, শিলিগুড়ি: সিকিমের নাথুলার পর দার্জিলিং জেলার সান্দাকফুতে ফের তুষারপাত। পুজোর পর্যটন মরশুমের মুখে পাহাড়ে তুষারপাতের খবরে পর্যটন মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে। পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে এসে তুষারপাতের সাক্ষী হওয়ার সুযোগ মিলতে পারে কি না, তা নিয়ে পর্যটকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল বাড়ছে।
পুজোর পর্যটন মরশুমে পাহাড়ে তুষারপাত পর্যটকদের কাছে বাড়তি পাওনা। সেই সম্ভাবনা ঘিরে যখন আলোচনা শুরু হয়েছে, তার ২৪ ঘণ্টার মধ্যেই সান্দাকফুতে ফের তুষারপাতের খবর সামনে আসে। শুক্রবারের পর শনিবার দুপুরেও সেখানে সামান্য তুষারপাত হয়েছে বলে জানা গিয়েছে। তুষারপাত ঘিরে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
পর্যটন ব্যবসায়ীদের একাংশের মতে, সান্দাকফুতে তুষারপাতের খবর পর্যটকদের পাহাড়মুখী হওয়ার আগ্রহ আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে পুজোর ছুটিতে যাঁরা পাহাড়ে বেড়াতে আসার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে এই খবর বাড়তি আকর্ষণ তৈরি করবে।
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) উত্তরবঙ্গ শাখার পর্যটন বিভাগের চেয়ারম্যান বলেন, সাধারণত এই সময়ে দার্জিলিং পাহাড়ে তুষারপাত দেখা যায় না। কিন্তু পুজোর পর্যটন মরশুমের মুখে এবার সান্দাকফুতে তুষারপাত পর্যটন ব্যবসার ক্ষেত্রে বড়োসড়ো লাভের সম্ভাবনা তৈরি করেছে। অনেক পর্যটক অন্যত্র বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। পাহাড়ে এই তুষারপাতের খবর তাঁদের দার্জিলিং ও সিকিমে বেড়াতে আসার ব্যাপারে নতুন করে উৎসাহিত করবে বলেই আমাদের আশা। আমরা তুষারপাতকে এবারের পুজোর পর্যটন ব্যবসার জন্য ইতিবাচক ইঙ্গিত হিসাবেই দেখছি।