


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে কলকাতাসহ রাজ্যের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী। অন্যদিকে দার্জিলিংয়ের উঁচু পাহাড়ি এলাকায় সোম ও মঙ্গলবার তুষারপাতের একটা সম্ভাবনা আছে। জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কোনো কোনো স্থানে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার সকাল পর্যন্ত ওইসব এলাকায় কিছুটা বৃষ্টি হয়েছেও। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস রবিবার জানান, পশ্চিমি ঝঞ্ঝার একটা প্রভাব পাহাড়ে পড়ার ফলেই এটা হয়েছে। দার্জিলিংয়ের খুব উঁচু এলাকায় কিছুটা তুষারপাত হলেও হতে পারে। তবে সিকিমের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা অনেক বেশি। দার্জিলিংয়ে এখনো সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আছে।
দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের বাকি জায়গায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও মার্চ মাসের গোড়াতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তবে সেখানে এখনো কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশপাশে আছে। বীরভূমের সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা (১৫.২ ডিগ্রি) দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম ছিল। তবে এবার পশ্চিমাঞ্চলেও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। সেখানেও আসানসোল, বাঁকুড়াসহ কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে ১৭-১৮ ডিগ্রি ছুঁয়েছে। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি, স্বাভাবিকের থেকে সামান্য বেশি। তবে ভোরবেলা সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ একলাফে বেড়ে ২৩ ডিগ্রি ছুঁয়েছে এদিন। এটা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রির বেশি। আবহাওয়া অধিকর্তা জানান, বায়ুমণ্ডলের নীচের স্তরে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকেছে। এজন্য আকাশ কিছুটা মেঘলা। বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রাও।