


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোকে ঘিরে বিভিন্ন সামাজিক যাত্রাপালার বুকিংয়ে ভালো সাড়া পড়েছে। চিৎপুর যাত্রাপাড়া সূত্রে সোমবার একথা জানা গিয়েছে। মহাষষ্ঠী থেকে চলতি মরশুমে যাত্রার ঢাকে কাঠি পড়ছে। কলকাতা যাত্রা সম্মেলনের যুগ্ম সম্পাদক তাপসকুমার দাস ও রূপকুমার ঘোষ বলেন, ‘দুর্গাপুজোর সময় গ্রামবাংলায় যাত্রার কদর এবার বেশ ভালো। মানুষ কদিন মুখিয়ে থাকে যাত্রা দেখার জন্য। স্থানীয় ক্লাব, সংগঠন ও পুজো উদ্যোক্তারাই মূলত যাত্রাপালার আয়োজন করেন। ইতিমধ্যে চিৎপুরে বিভিন্ন অপেরা কর্তাদের গদিতে যাত্রার বায়না মিলেছে ভালো।’ যাত্রাপাড়া সূত্রে খবর, এই মুহূর্তে চিৎপুরে রয়েছে ৬০টির বেশি অপেরা। পুজোর দিনগুলিতে প্রতিটি অপেরাই কমবেশি বায়না পেয়েছে। যাত্রাদলের মালিকদের আশা, অন্যান্য বছরের তুলনায় এবার তাঁদের ব্যবসা ভালো হবে। সব মিলিয়ে পুজোকে ঘিরে যাত্রাপাড়ায় এখন ব্যস্ততা তুঙ্গে।