


সংবাদদাতা,কাঁথি: শুটিং চলাকালীন তালসারির সমুদ্রে তলিয়ে গিয়ে রাহুল অরুনোদয় বন্দোপাধ্যায়ের মৃত্যুর রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের সমুদ্র কেড়ে নিল আরও দুটি প্রাণ। এবার জোড়া মৃত্যুর ঘটনা ঘটল তাজপুরে। উত্তর ২৪ পরগণার সোদপুরের ঘোলা থেকে তাজপুর বেড়াতে গিয়েছিলেন চিকিৎসক দম্পতি কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজ। দু’জনেরই বয়স ৩৫ এর মধ্যে। দু’জনেই আরজি কর হাসপাতালে কর্মরত ছিলেন। বুধবার তাঁরা তাজপুরে বেড়াতে আসেন। তাজপুরের বিশ্ব বাংলা উদ্যানের কাছে স্নান করতে নামেন দুজনেই। সেই সময় জোয়ার চলছিল। টাল সামলাতে না পেরে তাঁরা তলিয়ে যান বলে সন্দেহ করা হচ্ছে।
পরে দুজনকে ভেসে থাকতে দেখেন স্থানীয় মৎস্যজীবীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্দার মণি কোস্টাল থানার পুলিশ। চিকিৎসক দম্পতিকে উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশের পক্ষ থেকে মৃতদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।