


নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রাজ্যের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার পালিত হল ‘বিশ্ব প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস’। এদিন হরিণঘাটা ব্লকের মোল্লাবেলিয়া পঞ্চায়েতের বামনগাছিয়ায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাবের উদ্বোধন হয়। জেলা পরিষদের প্রায় ২৬ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে হাব।
হুগলির সিঙ্গুর থেকে মগরা, বেশিরভাগ পঞ্চায়েতে নিষিদ্ধ প্ল্যাস্টিক বিরোধী প্রচার হয়েছে এদিন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন মগরা এক নম্বর পঞ্চায়েতের আধিকারিক-কর্মীরা। তাঁদের সঙ্গে এক বহুরূপী চার্লি চ্যাপলিন সেজে ঘুরেছেন। কল্যাণী পঞ্চায়েতও অনুষ্ঠান করেছে। পাশাপাশি ব্যবহৃত প্লাস্টিক পুনর্ব্যবহারের বার্তা দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, ‘ব্যবহৃত প্লাস্টিক পুনর্ব্যবহারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিরহী বাজার প্লাস্টিকমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।’
এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এক নম্বর ব্লকের রাস্তা তৈরি করতে কাঁচামাল হিসেবে ২০ কিলো প্লাস্টিক বর্জ্য তুলে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সিকে। জেলার মধ্যে অন্যতম বড় প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন কেন্দ্র তৈরি হয়েছে এখানেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। হিঙ্গলগঞ্জ ব্লকের উদ্যোগে প্লাস্টিক বর্জনের বার্তা দিতে অনুষ্ঠিত হয়েছে পথনাটিকা। এই সচেতনতার বার্তা সুন্দরবনের সব জায়গায় ছড়িয়ে দেওয়া হবে।