


সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রশাসনের হস্তক্ষেপের পরও এখনো পর্যন্ত খুললো না ময়নাগুড়ির সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। সমস্যায় ধুঁকছে ময়নাগুড়ি শহরের বাসিন্দারা। গত বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরই খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রকল্পটি বন্ধ করে দেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, লোকালয়ে এই প্রকল্প গড়ে ওঠায় দুর্গন্ধে তাঁরা থাকতে পারছেন না। বড় ধরনের রোগ হওয়ার আশঙ্কাও রয়েছে। এরপর থেকে একাধিকবার প্রশাসনিক কর্তারা গ্রামবাসীদের বোঝানোর পরেও খুলতে পারেননি সেই প্রকল্পের গেট।
খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের সাথে মউ স্বাক্ষরিত হয়েছিল ময়নাগুড়ি পুরসভার। সেই হিসাবে পুরসভার বর্জ্য পাঠানো হতো প্রকল্পে। বাড়ি বাড়ি শুরু হয়েছিল পুরসভার পক্ষ থেকে বর্জ্য সংগ্রহও। কিন্তু সেটাও বন্ধ হয়ে রয়েছে। বিভিন্ন পাড়ার অলিগলি থেকে শুরু করে বাজার ঘাট বর্তমানে দূষণে ভরে গিয়েছে।