


নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রাম উপ-নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা বাড়ছে। ভূমিপুত্র নাকি শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ-এনিয়ে জেলাব্যাপী চর্চা চলছে। বৃহস্পতিবার হাসিদেবী বলেন, ‘বড় ছেলে মারা যাওয়ার পর শুভেন্দু অধিকারী আমার পরিবারের অভিভাবক। তিনি আমাকে কোনো দায়িত্ব দিলে মাথা পেতে নেব। নন্দীগ্রামের জন্য নিজেকে উজাড় করে দেব। প্রাণের স্পন্দন থাকা পর্যন্ত নন্দীগ্রামের হয়ে লড়াই করে যাব।’
নন্দীগ্রাম উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে শুরুতে তিন ভূমিপুত্র বিজেপি নেতার নাম জোরালোভাবে আসছিল। নন্দীগ্রাম-১ ব্লকের নেতা জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল, নন্দীগ্রাম-২ ব্লকের নেতা দুই জেলা সহ সভাপতি অঞ্জন ভারতী এবং প্রলয় পালকে নিয়ে তাঁদের ঘনিষ্ঠ কর্মীরা সোশ্যাল মিডিয়ায় জোরালো প্রচার শুরু করেন। এমনকী কিছু উৎসাহী অনুগামী তাঁদের নামে দেওয়ার লিখনও শুরু করে দিয়েছিলেন।
তিন নেতার পক্ষেই নিজেদের এলাকার বেশকিছু নেতা-কর্মী জোরালো তদ্বির করছেন। শেষ মুহূর্তে চণ্ডীপুর ব্লকের বাসিন্দা হাসিরানি রথের প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও তিনি নন্দীগ্রামে প্রার্থী হলে নিজের সবটুকু দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন। এনিয়ে তাঁর মধ্যে আত্মবিশ্বাস থাকলেও মেঘনাদ, অঞ্জন কিংবা প্রলয়ের মধ্যে তা নেই। ভূমিপুত্রদের মধ্যে দ্বন্দ্ব এড়াতে হাসিরানির ভাগ্য খুলে যেতে পারে বলে দলীয় সূত্রের খবর।
নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ছন্নছাড়া। আবু তাহের, শেখ সুপিয়ানের মতো তৃণমূল নেতাদের বিজেপি কাজে লাগাবে বলে বৃহস্পতিবার নিজের বাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন দলের রাজ্য নেতা শিশির অধিকারী। তিনি আবু তাহের, শেখ সুপিয়ানদের প্রসঙ্গে বলেন, যাঁরা পুরাতন এবং আমাদের সঙ্গে ছিলেন সবাইকে সঙ্গে আনব। বিজেপির পুরনো মানুষজন এবং নতুনকে নিয়ে আমরা ঘর গোছাব। যাঁরা বসে গিয়েছিলেন তাঁদের সক্রিয় করে মোদিজির আদর্শে সংগঠিত করে তোলা হবে। আমি নিজে নন্দীগ্রামে প্রচারে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম উপ নির্বাচনে প্রার্থী হলে হারের হ্যাটট্রিক করবেন বলে জানান প্রবীণ নেতা শিশিরবাবু। তিনি বলেন, নন্দীগ্রামে আমরা খুব ভালো মার্জিনে জিতব। এই জেলা অন্য স্টাইলে চলে। মমতা বন্দ্যোপাধ্যায় ফের নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করলে তৃতীয়বার পরাজিত হবেন।
আগামী ১৬সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। তাই যে কোনো মুহূর্তে প্রার্থী ঘোষণা করবে বিজেপি। কিন্তু, নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ আসনে শাসকদলের প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম উপ নির্বাচনে মোট ৩৫কোম্পানি আধাসেনা থাকবে। নন্দীগ্রাম বাদে হলদিয়া মহকুমার বাকি এলাকা থেকে ভোটকর্মীরা সেখানে ভোট নিতে যাবেন। নির্বাচনি নির্ঘণ্ট প্রকাশ হতেই স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম, ফ্লাইং স্কোয়াড টিম, নাকাচেকিং শুরু হয়েছে। সাধারণ পর্যবেক্ষক এনিয়ে ছবি চেয়ে পাঠিয়েছেন। উপ নির্বাচনে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন এমবি বোরলিঙ্গাইয়া এবং সাধারণ পর্যবেক্ষক হয়েছেন ত্রিপুরা ক্যাডারের আইএএস অফিসার সন্তোষ দাস।