


নয়াদিল্লি: জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে যুবরাজ সিংয়ের। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে অন্তর্ভুক্ত হতে চলেছেন তিনি। অর্থাৎ, ২০২৭ সালের আইপিএলে দিল্লির ডাগ-আউটে দেখা যাবে যুবিকে। রাজধানীর ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফের মাথায় অবশ্য থাকতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। শোনা যাচ্ছে, তাঁর ইচ্ছাতেই কোচিং দুনিয়ায় পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন বাঁ হাতি তারকা।
গত দু’বছর দিল্লি ক্যাপিটালস চালিয়েছে জিএমআর গ্রুপ। কিন্তু কোনো সাফল্য আসেনি। পরের দু’বছর দায়িত্বে জেএসডব্লু গ্রুপ। তাই কোচিং স্টাফে বড়োসড়ো রদবদল অনিবার্য। সৌরভ-যুবরাজের জুটি তারই ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা ক্রিকেট মহলের। এই আবহে দিল্লির প্রধান কোচ হেমাঙ্গ বাদানির অপসারণ স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সৌরভের হাতেই থাকবে রিমোট কন্ট্রোল।