


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বুধবার বাংলা নতুন বছরের প্রথম দিন ও তারপর কয়েকদিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরমের পাশাপাশি কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনাও থাকবে। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এবং অন্যদিকে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কোনো কোনো জায়গায় এইসময়ে এক বা একাধিক দিন ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কোনো জায়গার জন্য ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়নি। ‘হলুদ’ সতর্কতা থাকছে। বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় সর্বোচ্চ ৪০-৫০ কিমি গতিবেগে ঝড় হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ড ও লাগোয়া দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে অসম থেকে তামিলনাড়ু পর্যন্ত। একটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। এজন্য কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে হিমালয় লাগোয়া এলাকায় আপাতত ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। এদিকে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়ে গিয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই চলে এসেছে ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কোনো কোনো জায়গায় তা ৪০ ডিগ্রির দোরগোড়ায়। কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা (২৭.৫ ডিগ্রি) স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি বেশি ছিল। দক্ষিণবঙ্গে সাধারণভাবে আগামী দিনদুই তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়তে পারে বলে জানা গিয়েছে।