


সংবাদদাতা, বালুরঘাট: নতুন বিষয় চালুর জন্য উচ্চশিক্ষা দপ্তরে চিঠি দিয়েও উত্তর মেলেনি। এবছরও নতুন পাঁচটি বিষয় চালুর ক্ষেত্রে আশা জলে গেল। নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার ব্যাপারেও সুরাহা মেলেনি। ফলে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে হতাশ জেলার শিক্ষা মহল। হতাশা নিয়েই বিশ্ববিদ্যালয়ে নতুন সেমেস্টারের ক্লাস শুরু হল। ভর্তি প্রক্রিয়া এখনও শেষ হয়নি। পুরনো তিনটি বিষয়েই আপাতত ক্লাস চালু হল। এদিকে নতুন বিষয়ের আর খোঁজ নেই। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, নতুন বিষয় চালুর আর আশা দেখছে না কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচটি বিষয় চালু করতে চেয়েছিলাম। সেজন্য রাজ্যকে বহুবার চিঠি দিয়েছি। কিন্তু উত্তর মেলেনি। তাই আপাতত আমরা পুরনো তিন বিষয়েই ক্লাস শুরু করে দিলাম। ভর্তি প্রক্রিয়ায় এখনও সম্পন্ন হয়নি। তবে এবছর আমাদের ভর্তির হার বেশি রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অঙ্ক, ইংরেজি এবং রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ৫০ জনের আসনে প্রথম তালিকায় ইংরেজিতে ৪২ জন, রাষ্ট্রবিজ্ঞানের ১৬ জন এবং অঙ্কে ১৫ জন ভর্তি হয়েছেন। চলতি মাসের প্রথম সপ্তাহেই ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ২০২১ সাল থেকে এই তিনটি বিভাগ চলছে। এবছর নতুন করে বাংলা, সংস্কৃত, ইতিহাস, রসায়ন এবং দর্শনে স্নাতকোত্তর কোর্স চালুর কথা ভেবেছিল কর্তৃপক্ষ। তাই জেলার বিভিন্ন কলেজের অধ্যাপকদের সঙ্গে কথা বলে রেখেছেন উপাচার্য। রসায়নের ল্যাবরেটরির জন্য পাশেই বিএড কলেজ নিজেরদের ল্যাব দিতেও রাজি হয়েছিল। এনিয়ে রাজ্যকে একাধিকবার চিঠি দিয়েছেন উপাচার্য। কিন্তু এখনও অনুমোদন মেলেনি। নতুন উপাচার্য প্রায় ন’মাস হল কাজে যোগ দিয়েছেন। তিনি নতুন বিষয়গুলি চালুর ব্যাপারে চিঠি দিয়েছিলেন উচ্চশিক্ষা দপ্তরে। পরবর্তীতে একাধিকবার চিঠি দিয়েছেন। শুধু নতুন বিষয় নয়। নতুন জায়গাও মিলছে না। বর্তমানে যে জায়গায় বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে পরিকাঠামো পর্যাপ্ত নয়। তাই উপাচার্য বালুরঘাটে আরও একাধিক জায়গা দেখেছিলেন। সেই জায়গাগুলিও মিলছে না। সব মিলিয়ে হতাশ জেলার শিক্ষা মহল।