


বার্সেলোনা: বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবেছে গোটা স্পেন। ব্যাহত বিমান চলাচল। থেমে গিয়েছে গণপরিবহন। আর তাতেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমি-ফাইনাল হওয়া নিয়ে দেখা দেয় ঘোর অনিশ্চয়তা। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ জানান, ‘আগামী দিনে এমন পরিস্থিতির মোকাবিলা করতে আমরা তৈরি। নেওয়া হয়েছে যাবতীয় পদক্ষেপ।’ মঙ্গলবার রাতে ইন্তার মিলানের পক্ষ থেকে ফুটবলারদের বিমানে ওঠার ভিডিও পোস্ট করতেই কেটে যায় যাবতীয় আশঙ্কার কালো মেঘ। বুধবার শেষ চারের প্রথম লেগে স্তাদিও ওলিম্পিক লুইস কোম্পানিসে ইন্তার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। ঘরের মাঠে জিতে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য হান্স ফ্লিক-ব্রিগেডের।
দীর্ঘ এক দশক পর আবারও ত্রিমুকুট জয়ের সুযোগ রয়েছে বার্সেলোনার সামনে। শেষবার ২০১৪-১৫ মরশুমে লুই এনরিকের প্রশিক্ষণে দ্বিতীয়বার এই গৌরব অর্জন করেছিল কাতালন ক্লাবটি। সেবারই শেষ ইউরোপ সেরার শিরোপা জয়ের স্বাদ পায় তারা। তারপর চ্যাম্পিয়ন্স লিগে বারবার খালি হাতেই ফিরতে হয়েছে বার্সাকে। তবে চলতি মরশুমে জার্মান কোচ হান্স ফ্লিকের প্রশিক্ষণে দুরন্ত ছন্দে রবার্ট লিওয়ানডস্কিরা। ইতিমধ্যেই কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে তারা। পাশাপাশি লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে কাতালন ক্লাবটি। তবে কোচ ফ্লিক ভালোই জানেন, চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে যাবতীয় লড়াই বৃথা। সেই মতো ইন্তারের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের জন্য আক্রমণাত্মক ফুটবল মেলে ধরাই লক্ষ্য ইয়ামাল-রাফিনহাদের। পক্ষান্তরে, দীর্ঘ দেড় দশকের খরা কাটিয়ে ইউরোপ সেরার স্বাদ পেতে মরিয়া ইন্তার মিলান। দু’বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছলেও, ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ইনজাঘি-ব্রিগেডের। এবার অবশ্য খালি হাতে ফিরতে নারাজ মার্তিনেজরা।
গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়ে কোপা ডেল রে খেতাব ঘরে তুলেছে বার্সা। ফলে বুধবার ঘরের মাঠে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবেন রাফিনহারা। চোটের কারণে এই ম্যাচেও রবার্ট লিওয়ানডস্কিকে পাবে না বার্সা। তবে রিয়ালের বিরুদ্ধে ফেরান তোরেস গোল পাওয়ায় অনেক বেশি স্বস্তিতে কোচ ফ্লিক। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে অবশ্য খুব একটা স্বস্তিতে নেই ইন্তার মিলান। শেষ তিনটি ম্যাচে হেরেছে তারা। এরমধ্যে কোপা ইতালিয়ার সেমি-ফাইনালে হারের ফলে শেষ হয়েছে ত্রিমুকুট জয়ের স্বপ্ন। কোচ ইনজাঘি অবশ্য এখন শুধুই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে মনঃসংযোগ করছেন। আর সেই লক্ষ্যে অধিনায়ক লাওতারো মার্তিনেজের দুরন্ত ফর্ম সবথেকে বেশি স্বস্তি জোগাচ্ছে ইন্তার কোচকে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ পাঁচটি ম্যাচে জাল কাঁপিয়েছেন এই আর্জেন্তাইন স্ট্রাইকার।
ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে। সরাসরি সোনি স্পোর্টসে।