


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রমজান মাস চলছে। এই মাসে রেশন গ্রাহকদের রাজ্য সরকার ভরতুকিতে খাদ্যসামগ্রীর বিশেষ প্যাকেজ দিচ্ছে। খাদ্যদপ্তর জানিয়েছে, রমজান প্যাকেজে ছোলা, চিনি ও ময়দা বাজারদরের থেকে অনেক কম দামে পাবেন গ্রাহকরা। তবে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাধীন অন্ত্যোদয় এবং স্পেশাল প্রায়োরিটি হাউজহোল্ড (এসপিএইচএইচ) শ্রেণির গ্রাহকরাই রমজান প্যাকেজ নিতে পারবেন। এই দুই শ্রেণির রেশন গ্রাহকের সংখ্যা প্রায় সওয়া ৩ কোটি। খাদ্যদপ্তর জানিয়েছে, আগামী ১৯ শে মার্চ পর্যন্ত গ্রাহকরা রমজান প্যাকেজের খাদ্য কিনতে পারবেন।
পরিবার পিছু এক কেজি করে ছোলা, ময়দা ও চিনি পাওয়া যাবে রমজান মাসের বিশেষ প্যাকেজে। গ্রাহকরা প্রতি কেজি চিনি কিনতে পারবেন ৩২ টাকা দরে। ময়দার দাম ধার্য করা হয়েছে কেজি ৩০ টাকা। এক কেজি ছোলা মিলবে ৬৫ টাকায়। খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতি কেজি চিনিতে ১২ থেকে ১৪ টাকা ভরতুকি দিচ্ছে রাজ্য সরকার। পরিবহণ খরচের কারণে ভরতুকির অর্থে কিছুটা পার্থক্য হয়েছে। ময়দাতে প্রতি কেজিতে ৭ টাকা ১৫ পয়সা ও ছোলাতে ৮ টাকা ১৮ পয়সা করে ভরতুকি দেওয়া হচ্ছে। এই সামগ্রীগুলি কেনা, পরিবহণ খরচ এবং রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটরদের কমিশন খাতে এই ভরতুকি দিতে হচ্ছে রাজ্য সরকারকে। শুধু ছোলা ও ময়দাতে ভরতুকি দিতে অর্থদপ্তর প্রায় আড়াই কোটি টাকা টাকা বরাদ্দ করেছে।
তবে রমজান প্যাকেজ নিয়ে কিছু প্রশ্ন তুলেছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, সব রেশন গ্রাহকের জন্যই এই প্যাকেজ দেওয়া হলে ভালো হত। কিন্তু এক্ষেত্রে ডিলারদের কিছু করার থাকে না। বিশেষ প্যাকেজে ভোজ্য তেলও রাখা উচিত ছিল বলে মনে করেন তিনি।