


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অফিস টাইমে ছিল নিত্য দুর্ভোগ। ধীর হয়ে যেত গাড়ির গতি। দাঁড়িয়ে থাকা
গাড়ির লম্বা লাইন পড়ে যেত রাইট টার্ন নেওয়ার সিগন্যালে। অবশেষে সমস্যার অবসান। বদল হয়েছে রাইট টার্নের জায়গা। হলদিরাম ক্রসিংয়ে ট্রাফিক ব্যবস্থায় এই বদল আনতেই গতি ফিরল গাড়ির। ভিআইপি রোডে গতি গড়ে বেড়েছে ঘণ্টায় ১৩ থেকে ১৭ কিমি। কৈখালির দিক থেকে হলদিরামের দিকে যাওয়া গাড়ির গতি বেড়েছে। পাশাপাশি দমদম পার্কের দিক থেকে হলদিরামের দিকে যাওয়া গাড়ির গতিও বৃদ্ধি পেয়েছে। যানজট পর্যবেক্ষণে ব্যবহার করা হয়েছে থার্ড-পার্টি প্ল্যাটফর্ম এবং গুগল ম্যাপসের তথ্য। তাতে এই প্রমাণ পাওয়া গিয়েছে।
বিধাননগর ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদম পার্কের দিক থেকে চিনার পার্ক যাওয়ার সময় হলদিরাম ক্রসিংয়ে ছিল রাইট টার্ন নেওয়ার জায়গা। তা দেওয়া হয়েছে বন্ধ করে। ভিআইপি রোডে ১০০ মিটার এগিয়ে কৈখালি সাব-ট্রাফিক গার্ড অফিসের সামনে ফ্রি রাইট টার্ন স্থানান্তরিত হয়েছে। এছাড়াও নিউটাউন থেকে আসা যানবাহনগুলি তেঘরিয়ার দিকে ফ্রি লেফট টার্ন দেওয়া হয়েছে। এই ব্যবস্থা প্রাথমিকভাবে ছুটির দিন এবং পরে কাজের দিনেও পরীক্ষামূলকভাবে চালানো হয়। তাতে সাফল্য আসার পর তা কার্যকর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দমদম পার্ক থেকে হলদিরাম পয়েন্ট, ব্যস্ত সময়ে যানবাহনের গড় গতিবেগ থাকত ঘণ্টায় ১৭-১৮ কিমি। নতুন ব্যবস্থায় গতি বেড়ে দাঁড়িয়েছে ঘণ্টায় ৩৪-৩৫ কিমি। অর্থাৎ গড়ে ১৭ কিমি বেড়েছে। কৈখালি থেকে হলদিরামের দিকে ব্যস্ত সময় গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১২ কিমি। তা বেড়ে হয়েছে ২৫। গড়ে ১৩ কিমি গতি বেড়েছে। কমিশনারেটের দাবি, নতুন ব্যবস্থায় ওই পয়েন্টে স্বাভাবিকের চেয়ে গতি বেড়েছে। ফলে রাস্তা হয়েছে যানজটমুক্ত। এর ফলে বাগুইআটি ফ্লাইওভারে নামার মুখ থেকে হলদিরাম ক্রসিংয়ে পৌঁছতে দু’মিনিটেরও কম সময় লাগছে। কৈখালি থেকে হলদিরাম ক্রসিংয়ে পৌঁছতে লাগছে এক মিনিটেরও কম সময়।