


সংবাদদাতা, আলিপুরদুয়ার: রয়্যাল বেঙ্গল টাইগার, ব্ল্যাক প্যান্থার, ইন্ডিয়ান ঢোল ও হিমালয়ান গ্রে ল্যাঙ্গুরের পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের জীব বৈচিত্র্যে নয়া সংযোজন স্পটেড লিনসাং। এর আগে বক্সার জঙ্গলে বিরল প্রজাতির এই মাংশাসী প্রাণীটির অস্তিত্বের কোনও প্রামাণ্য নজির ছিল না। সম্প্রতি বক্সার জঙ্গলে পাতা ট্র্যাপ ক্যামেরায় এই প্রথম ধরা পড়েছে বিরল প্রজাতির এই প্রাণীটির স্পষ্ট ছবি। স্পটেড লিনসাংয়ের ছবি ক্যামেরাবন্দি হতেই উচ্ছ্বসিত বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তারা। রবিবার সন্ধ্যায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের ব্লগে স্পটেড লিনসাংয়ের সেই ছবি প্রকাশ্যে এনেছে বনদপ্তর। লম্বা ল্যাজ বিশিষ্ট এই প্রাণীটির গোটা শরীর ঘন চকচকে ছোপ ছোপ পশমে ঢাকা থাকে। গাছের ডালে ডালেই ঘুরে বেড়ায়। আকৃতি অনেকটা গন্ধগোকুলের মতোই। বনদপ্তর জানিয়েছে, ভারতীয় উপ মহাদেশে সবচেয়ে ছোট মাংশাসী প্রাণী। দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গলেও এই বিরল প্রাণীটির দেখা মেলে।
জীব বৈচিত্র্যে দেশের অন্য যেকোন জঙ্গলকে যে অনায়াসেই টেক্কা দেবে বক্সা ব্যাঘ্র প্রকল্প ফের আরও একবার তা প্রমাণ হল বলে বনদপ্তরের দাবি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা বলেন, বক্সার জঙ্গলে জীব বৈচিত্র্যে নয়া সংযোজন এই স্পটেড লিনসাং। এই প্রথম ট্র্যাপ ক্যামেরায় বিরল প্রাণীটির ছবি ধরা পড়ল। যদিও বক্সার পূর্ব ডিভিশনের কোন জঙ্গলে প্রাণীটির ছবি ক্যামেরা বন্দি হয়েছে নিরাপত্তার স্বার্থে বক্সা কর্তৃপক্ষ তা জানাতে চায়নি।