


গ্ল্যামারাস শাড়ির সঙ্গে হালকা মেকআপে সাজলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
উৎসব হোক বা পার্টি, যে কোনও অনুষ্ঠানে শাড়ি সবসময়ই আলাদা লুক তৈরি করে। ‘চতুষ্পর্ণী’-র ফ্যাশন শ্যুটের জন্য অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বেছে নিয়েছেন ঘন মেরুন রঙা বাটার মেটালিক টিস্যু শাড়ি। সঙ্গে ভেলভেট ব্লাউজ। কানে ঝোলা দুল এবং হাতে একটি স্টেটমেন্ট আংটিতেই নায়িকার সাজ পূর্ণতা পেয়েছে। সঙ্গে রয়েছে মানানসই মেকআপ। ডিজাইনার স্রোতস্বিনী মজুমদার বললেন, ভারতীয় ফ্যাশন মানে প্রথমেই শাড়ির কথা মনে পড়ে। ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন ঘটাতে চাইলে এই ধরনের শাড়ির কথা যে কোনও বয়সের মহিলা ভাবতে পারেন। যাঁরা শাড়িতে অভ্যস্ত নন, তাঁরাও সারাদিন এই ধরনের শাড়ি ক্যারি করতে পারেন। প্রিয়াঙ্কার বরাবরই শাড়ি পছন্দ। স্টোর নম্বর সিক্স-এর এই শাড়ি তাঁর পার্টি লু্ক হতে পারে। আবার দীপাবলির সাজের জন্যও আদর্শ। তিনি জানালেন, সাজের ক্ষেত্রে সবসময় কমফর্ট-এর কথা তিনি মাথায় রাখেন। যে পোশাকই পরুন, তা ক্যারি করতে জানতে হবে। তবেই তা দেখতে সুন্দর লাগবে। হালকা মেকআপে স্বচ্ছন্দ নায়িকা। শাড়ি জমকালো বলে তিনি মেকআপ হালকা রেখেছেন।