


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ে সর্বভারতীয় স্তরে বাংলা লবির জয়জয়কার অব্যাহত। ময়ূখ বিশ্বাসের পর সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সৃজন ভট্টাচার্য। এতদিন তিনি এসএফআইয়ের যুগ্ম সম্পাদক ছিলেন।
গত শুক্রবার থেকে কেরলের কোঝিকোড়ে শুরু হয়েছে তিনদিনের ১৮তম সর্বভারতীয় সম্মেলন। সভাপতি নির্বাচিত হয়েছেন কেরলের কোল্লাম জেলার আর্দশ সাজি। সারা দেশের মোট ৫১৭ জন প্রতিনিধি এবং ১৯৮ জন দর্শক সম্মেলনে অংশ নেন। সেখানে ৮৮ জনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং ২০ জনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী নির্বাচিত হয়েছে। বঙ্গ সিপিএমের তরুণ প্রজন্মের মধ্যে সৃজন উল্লেখযোগ্য মুখ। গতবছর যাদবপুর লোকসভা আসনে ৩২ বছরের এই নেতার জামানত জব্দ হয়। কিন্তু দল তাঁকে দিল্লিতেই রাজনীতির দায়িত্ব দিল। তিনি ইতিমধ্যেই সিপিএমের রাজ্য কমিটির সদস্য।