


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালত উন্নয়নের খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। নিম্ন আদালত এবং হাইকোর্টের ১৪টি প্রকল্পের কাজে ওই অর্থ ব্যয় করা হবে। বুধবার হাইকোর্টে ভার্চুয়ালি হাজিরা দিয়ে জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। হাইকোর্ট এবং বিভিন্ন নিম্ন আদালতের উন্নয়নমূলক কাজ অর্থের অভাবে আটকে রয়েছে। কোনও কাজ এগোনো যাচ্ছে না। ৫৩টি প্রকল্পের কথা রাজ্য সরকারকে জানানো হয়েছিল। সেই বিষয়ে রাজ্যের কাছে জবাব তলব করেছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ওই প্রশ্নেরই উত্তর এদিন দিয়েছেন মুখ্যসচিব। তবে ৫৩টি প্রকল্প নিয়ে রাজ্যের অবস্থান কী তা জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ। ৫৩টি প্রকল্পের কাজের বিষয় খতিয়ে দেখতে আরও সাতদিন সময় চেয়েছেন মুখ্যসচিব। ওই সংক্রান্ত নথিপত্র ঘেঁটে তিনি রাজ্যের অবস্থান জানাতে পারবেন। আদালত তাঁকে সেইসময় দিয়েছে। ২৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।