


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) কিস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করল অর্থদপ্তর। অর্থদপ্তর বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সরকারি দপ্তরের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং আধিকারিকরা (ডিডিও) বকেয়া ডিএ বিল করতে পারবেন। এইচআরএমএস পোর্টালের মাধ্যমে কীভাবে এই প্রক্রিয়াটি হবে তা বিস্তারিতভাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই ব্যাপারে এসওপি দেওয়া হয়েছে। বকেয়া ডিএ মেটানোর জন্য গত ১৩ মার্চ অর্থদপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছিল তার ভিত্তিতেই প্রক্রিয়া চলবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিশেষ নজরদারি কমিটির সুপারিশের ভিত্তিতে বকেয়া ডিএ কিস্তি দিচ্ছে রাজ্য সরকার।
আপাতত বকেয়া ডিএর ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত অংশ দুটি কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তিটি দেওয়া হবে এই মার্চ মাসের মধ্যে। দ্বিতীয় কিস্তিটি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। রাজ্য সরকারের গ্রুপ এ, বি এবং সি শ্রেণির কর্মী-আধিকারিকদের বকেয়া ডিএর কিস্তির টাকা জিপিএফ তহবিলে জমা পড়বে। শুধু গ্রুপ ডি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা তাঁদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। ডিডিওদের বিল সংক্রান্ত নির্দেশিকাতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।