


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া ও ফলতার ঘটনার তীব্র নিন্দা করে সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকতে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ার বাগনানে এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় একজনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ক’দিন আগে ফলতায় ধৃত জাহাঙ্গির খানকে পুলিশ হেপাজত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। এই ধরনের ঘটনাকে সামনে রেখে যারা ‘দেশবিরোধী’ কাজ করবে, তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই বাজেট অধিবেশনেই আরও কড়া আইন নিয়ে আসছে রাজ্য সরকার। এমন আইন আনা হচ্ছে, যাতে অপরাধ করার আগে চারবার ভাবতে হবে।’ বিশ্লেষকদের মতে, পিটিয়ে খুন, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতেই এই কড়া আইন আনা হচ্ছে।
হাওড়ার বিজেপি কর্মী প্রশান্ত দে’র মৃত্যুর ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হচ্ছে। তাঁর পরিবারকে ক্ষতিপূরণের ৪ লক্ষ টাকা ছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রশান্তবাবুর স্ত্রী চাইলে তাঁকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেওয়া হয়েছে। অভিযুক্তদের যাতে ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ হয়, সরকার সেই চেষ্টাই করবে এবং ফলতার ক্ষেত্রে অভিযুক্তদের সম্পত্তি ‘অ্যাটাচ’ করে ক্ষতিপূরণ আদায় করা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।