


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জুটমিল শ্রমিকদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার। প্রতিটি জুটমিল শ্রমিক পরিবার একটি করে ৪৫০ বর্গফুটের ফ্ল্যাট পাবেন। দাম পড়বে সাড়ে ৫ লক্ষ টাকা। তার মধ্যে শ্রমিককে দিতে হবে ৫০ হাজার। শ্রমদপ্তর ৭১ হাজার টাকা দেবে। কেন্দ্রীয় সরকার দেবে দেড় লক্ষ টাকা। বাকি ২ লক্ষ ৬৯ হাজার টাকা দেবে রাজ্য সরকার। ফ্ল্যাটে দুটি ঘর, একটি কিচেন ও একটি বাথরুম থাকবে। একেকটি ফ্লোরে ফ্ল্যাট থাকবে চারটি করে। এজন্য অনলাইনে আবেদন নেওয়া হবে। শ্রমমন্ত্রী অর্জুন সিং এই ঘোষণা করেছেন। মন্ত্রী বলেন, এটা ডবল ইঞ্জিন সরকারের সুফল। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। এই আবাসন তৈরি হবে শিল্পাঞ্চলের কুলিলাইনগুলিতে। মাত্র ৫০ হাজার টাকায় ফ্ল্যাট পেয়ে যাবেন গরিব শ্রমিকরা। আমি দীর্ঘদিন ধরে জুটমিল শ্রমিকদের নিয়ে কাজ করছি। তাঁদের অত্যন্ত অস্বাস্থ্যকর জীবনযাপনের সমস্যা আমি জানি। স্থায়ী স্বাস্থ্যকর বসবাসের ব্যবস্থা হলে খুবই উপকৃত হবেন তাঁরা। তবে পাঁচবছর এই ফ্ল্যাট তাঁরা বেচতে পারবেন না।