


সংবাদদাতা, বোলপুর: রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন প্রভাবশালী নেতা ও তাঁদের ঘনিষ্ঠদের সম্পত্তি বৃদ্ধি এবং আর্থিক লেনদেন নিয়ে তদন্তে তৎপর হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থা। সেই আবহেই বুধবার দুপুরে বোলপুর শহরের গুরুপল্লী এলাকায় তৃণমূল-ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত নাসির শেখের বাড়িতে পৌঁছন পশ্চিমবঙ্গ সরকারের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা।
সূত্রের খবর, সম্প্রতি নাসির শেখের ব্যবসায়িক কার্যকলাপ এবং সম্পত্তি বৃদ্ধির বিষয়ে বেশ কিছু তথ্য কর দফতরের নজরে আসে। বিশেষ করে, অল্প সময়ের মধ্যেই তিনি কীভাবে প্রায় আটটি ডাম্পার ট্রাক ক্রয় করলেন এবং সেই অর্থের উৎস কী, তা নিয়েই মূলত খোঁজখবর শুরু হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্যই আধিকারিকেরা তাঁর বাড়িতে যান বলে জানা গিয়েছে।