


নয়াদিল্লি: চব্বিশ ঘণ্টাও কাটল না। প্রবল অস্বস্তিতে পড়ে ফের পাকিস্তানি তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিল ভারত। বৃহস্পতিবার প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, অভিনেত্রী মাওরাহ হোসেন, ইয়ুমনা জায়েদি, হানিয়া আমির এবং ফওয়াদ খানের মতো পাক সেলেবদের এক্স হ্যান্ডল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা যায়নি। বরং সেজায়গায় দেখা যায় একটি লেখা। তাতে বলা হয়েছে, ‘ভারতে এই অ্যাকাউন্টগুলি দেখা যাবে না। আইনি দাবির প্রেক্ষিতে এটি ভারতে বন্ধ রাখা হয়েছে।’
গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলা এবং পরবর্তীতে অপারেশন সিন্দুরের সময় প্ররোচনা দেওয়ার অভিযোগে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। বুধবার হঠাৎই এই অ্যাকাউন্টগুলি ভারতে সক্রিয় হয়ে ওঠে। সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রযুক্তিগত বিভ্রাটের জেরেই এই অ্যাকাউন্টগুলি ভারতে দেখা যাচ্ছিল। কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলি আবার নিষ্ক্রিয় হয়ে যাবে। বুধবার ফাওয়াদ খান, মাহিরা খানদের মতো পাকিস্তানি তারকাদের অ্যাকাউন্ট সক্রিয় হতেই ক্ষোভে ফেটে পড়েন বহু মানুষ। অনেকেই প্রশ্ন তোলেন, পহেলগাঁওয়ের ক্ষত কি ভুলে গেল সরকার? এক্স হ্যান্ডলে ‘ব্যান পাক কনটেন্ট’ একসময় ট্রেন্ডিং হয়ে যায়। অনেকেই আবার নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেন। গলা মেলায় অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লুএ)। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদির কাছে ‘সব পাকিস্তানি কলাকুশলী, ইনফ্লুয়েন্সার এবং তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট’ বন্ধ করার আর্জি জানানো হয়। তারপরই ফের জারি হল নিষেধাজ্ঞা।