


নাসিক: এ যেন উলটপূরাণ। চিতাবাঘকে ঘাড় ধরে টেনে নিয়ে যাচ্ছে পথকুকুর। আর নীচে মাটিতে পড়ে কাতরাতে কাতরাতে নিজেকে ছাড়ানোর প্রবল চেষ্টা করে যাচ্ছে ওই চিতাবাঘ। যদিও ছোটখাটো চেহারার রাস্তার কুকুরের কামড়ের মোকাবিলায় কোনওভাবেই পেরে উঠছে না। নাসিকের নিফাদে ভরসন্ধ্যার এহেন লড়াইয়ের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা দেখে অনেকেই বলছেন, অসম লড়াই হলেও ইচ্ছাশক্তির বলে জয় পেল দুর্বলই।
অবশ্য ওই ঘটনা সোশ্যাল মিডিয়াতেই শুধু ভাইরাল নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুর দিকে এক সন্ধ্যায় এই ঘটনা ঘটে। হঠাৎ করেই নাসিকের জনবহুল ওই এলাকায় একটি চিতাবাঘ ঘুরতে দেখা যায়। প্রথমে পথকুকুররা তাকে দেখে চিৎকার জুড়ে দেয়। চিতাবাঘটি তাড়া করতেই পাল্টা একটি কুকুর তাকে কামড়ে ধরে। রাস্তায় ফেলে সেটিকে প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে যায়। সেই ঘটনাই রাস্তায় সিসি ক্যামেরায় ধরা পড়ে। বেশ কিছুক্ষণ দু’পক্ষের টানাহেঁচড়ার পর শেষমেশ চিতাবাঘটি পাশের জঙ্গলে পালিয়ে যায়। এদিকে ওই ঘটনায় স্থানীয়দের কেউ জখম না হলেও লোকালয়ে এভাবে চিতাবাঘ ঢুকে আসা নিয়ে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।