


সংবাদদাতা, ময়নাগুড়ি: সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে ময়নাগুড়ির প্রশাসনিক কর্তাদের। আজ, মঙ্গলবার সকালে ময়নাগুড়ি শহরের বিভিন্ন এলাকার কালীপুজোর প্যাণ্ডেল পরিদর্শন করেন তাঁরা। চোরবাগান কাণ্ডের জেরেই কালীপুজোর আগে তৎপর ময়নাগুড়ি প্রশাসন। বিডিও, আইসি, পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ার, ময়নাগুড়ি পুরসভার কর্মকর্তা, সহ একাধিক আধিকারিকরা মণ্ডপ পরিদর্শনে যান। তার পাশাপাশি বিশেষ নির্দেশিকাও দেওয়া হয়েছে মণ্ডপ কর্তৃপক্ষদের।
জানা গিয়েছে, যে সমস্ত মণ্ডপে ভূতের থিম নিয়ে প্যাণ্ডেল করা হয়েছে সেই জায়গাগুলিতে বেরোনোর রাস্তা চওড়া করতে হবে। মণ্ডপ অন্ধকার হলেও যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে। পুজো কমিটিগুলিকে যথেষ্ট পরিমাণে ভলান্টিয়ার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চোরবাগান কাণ্ডের জেরেই বারবার সতর্ক করছে প্রশাসন। কিছুদিন আগেও ময়নাগুড়ি থানার আইসি বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছিলেন। আজ সকল আধিকারিক মিলে বাকি থাকা সমস্ত মণ্ডপ পরিদর্শন করেন। তাদের পুজোর সময় সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন।