


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের তরফে শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে কাজকর্ম সচল রাখতে তৎপর নবান্ন। তাই আজ সমস্ত ছুটিই বাতিল করেছে রাজ্য সরকার। হাসপাতালে ভরতি বা বাড়িতে প্রিয়জন বিয়োগ হলে, ব্যাপক অসুস্থতা বা ১২ মার্চের আগে থেকেই কোনো কারণে অনুপস্থিত থাকলে, আগে থেকেই মাতৃত্বকালীন ছুটি বা সন্তান প্রতিপালনের ছুটির অনুমতি নিয়ে থাকলে ছাড় দেওয়া হবে। না-হলে এদিন পূর্ণদিবস তো বটেই, অর্ধদিবস ছুটিও গ্রাহ্য করা হবে না। বৃহস্পতিবার অর্থদপ্তর এই নির্দেশিকা জারি করেছে। এদিন যদি কেউ অনুপস্থিত থাকেন, তাহলে তাঁর বেতন তো কাটা যাবেই, শোকজও করা হবে। কেউ শোকজের উত্তর না দিলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাদপ্তরের তরফেও একই ধরনের বার্তা দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও পরীক্ষক এবং স্ক্রুটিনিয়ারদের প্রতি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে। উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র জমা দেওয়া বা আনার জন্য শুক্রবার অন ডিউটি লিভ নেওয়া যাবে না স্কুল থেকে। তার পরিবর্তে অন্য একটি দিনে এই কাজ করতে হবে। সেদিন অন ডিউটি লিভ নেওয়া যাবে।