


তিন দশক ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন সুনীল শেট্টি। স্ট্রাগল করেই বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন অভিনেতা। কিন্তু তাঁর সন্তানদের স্ট্রাগল অনেক বেশি। স্টার কিড হিসেবে আথিয়া এবং অহনকে অনেক বেশি লড়াই করতে হচ্ছে বলে মত সুনীলের। সদ্য এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘নিজেদের দক্ষতার প্রমাণ দিতে তারকা সন্তানদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। কয়েক বছর আগেও তারকা সন্তানরা ইন্ডাস্ট্রিতে জায়গা পাওয়া নিজেদের প্রাপ্য বলে মনে করত। কিন্তু এখন সময় বদলেছে। অভিনয়ের দিক থেকে নিজেদের তৈরি করে তারা কাজ করতে আসছে। সেটাই দরকার। কারণ প্রত্যেকে এখন সমালোচনায় ব্যস্ত।’ সুনীলের দুই সন্তানই বলিউডে কাজ করেছেন। ২০১৫-এ কেরিয়ার শুরু করেছিলেন আথিয়া। ২০১৯-এর আর কাজ করেননি তিনি। আপাতত সংসারে মন দিয়েছেন তিনি। অন্যদিকে ২০২১-এ অহন ডেবিউ করেছেন। ভবিষ্যতেও তিনি এই ইন্ডাস্ট্রিতেই থাকতে চান বলে জানিয়েছেন সুনীল।