


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাসখানের আগে বাঁশদ্রোণীর মহর্ষি বিদ্যামন্দিরে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছিল ৮ বছরের আয়ুষকুমার নাথের। এ ঘটনায় স্কুলের বিরুদ্ধে উঠেছিল গাফিলতির মারাত্মক অভিযোগ। এবার শিশুসন্তানের মৃত্যুর সঠিক বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন বাবা-মা। শনিবার সল্টলেকে জনতার দরবারে এসেছিলেন তাঁরা। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন আয়ুষের বাবা অমিতকুমার নাথ। তিনি জানান, মুখ্যমন্ত্রী নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী আসার আগেই সল্টলেকে বিজেপি অফিসে চলে এসেছিলেন অমিতকুমার নাথ ও টুম্পা নাথ। শনিবার সকালে রোদ। ভ্যাপসা গরম। তার মধ্যে টুম্পাদেবী রাস্তায় বসেছিলেন। বলেন, ‘অভিযুক্তদের উপযুক্ত শাস্তি চাই।’
‘বিক্ষোভ সমাবেশ, রাস্তা অবরোধ, থানায় অভিযোগ জানানোর পরও ছেলের মৃত্যুর বিচার মেলেনি,’ বারবার এই অভিযোগ তুলেছেন আয়ুষের বাবা-মা। ছেলের মৃত্যুতে স্কুল কর্তৃপক্ষকে দায়ি করে পুলিশে অভিযোগ করেছিলেন তাঁরা। একই অভিযোগ এদিন মুখ্যমন্ত্রীর সামনেও তুলে ধরেন অমিতবাবু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এছাড়াও জানিয়েছেন, তদন্ত নিরপেক্ষ হবে। গোটা তদন্তপ্রক্রিয়া যাতে পুলিশ গুরুত্ব সহকারে করে সে বিষয়টি সরকার তদারক করবে? আয়ুষের বাবা-মা বলেন, ‘মুখ্যমন্ত্রীই আমাদের শেষ ভরসা। আর তো কিছু করার নেই। আমরা চাই সঠিক তদন্ত হোক এবং দোষীরা উচিত শাস্তি পাক।’
অন্যদিকে, মহর্ষি বিদ্যামন্দিরের স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছিলেন অন্যান্য অভিভাবকরা। পড়ুয়াদের প্রতি শিক্ষিকাদের ব্যবহার, অত্যাচার ইত্যাদি উল্লেখ করে যৌথভাবে অভিযোগপত্র দিয়েছিলেন নেতাজিনগর থানায়। সেই মামলার তদন্ত চালাচ্ছে পুলিশ। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ওই অভিযোগগুলি নিয়েও দৃষ্টি আকর্ষণ করেন অভিভাবকরা। আয়ুষের বাবা বলেন, এ সব বিষয় খতিয়ে দেখতে একটি সরকারি টিম স্কুল পরিদর্শনে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।