


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: স্কুলের মিড মিলে ‘দিদি’র বিয়ের ভোজ খেল খুদেরা। সোমবার আরামবাগের মাধবপুর পঞ্চায়েতের হামিরবাটি জোতরাম প্রাথমিক বিদ্যালয়ের খুদেদের পাতে পড়ে ভাত, পোস্ত, সবজি ডাল, চিকেন কষা, চাটনি, মিষ্টি, দই প্রভৃতি নানা পদ। স্কুলের তরফে প্রাক্তন ছাত্রীকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়। খুদেদের সঙ্গেই পাত পেড়ে খান হামিরবাটির পাত্রী শিউলি। এদিনের আয়োজনে স্কুলে হাজির ছিলেন পাত্র বরুণ সহ পরিবারের অন্যান্য সদস্যরাও। এদিন ওই উপলক্ষে স্কুলে কার্যত উৎসবের পরিবেশ তৈরি হয়। শিউলি বলেন, এই স্কুলে আমার পাশাপাশি তিন প্রজন্ম পড়েছে। স্কুলের কচিকাঁচাদের আমার বিয়েতে ভোজ খাওয়ানোর ইচ্ছে ছিল। কিন্তু, রাতে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই আমরা পরিবারের উদ্যোগে স্কুলেই ভূরিভোজের আয়োজন করা হয়। সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে। স্কুলের প্রধান শিক্ষক প্রশান্তকুমার পাত্র বলেন, এদিন প্রাক্তন ছাত্রীর বিয়ে উপলক্ষে তিথি ভোজনের আয়োজন হয়। পাত্রীর পরিবারের তরফেই সব রকম আয়োজন হয়। প্রায় ৬০ জন পড়ুয়া হাজির ছিল।