


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিল ঘিরে রবিবার বিকালে ফের উত্তপ্ত হয়ে উঠল কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। এই ঘটনার দায় নিয়ে উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবি তুললেন পড়ুয়ারা।
এদিন এসআরএফটিআইয়ের ছাত্র সংসদ ও সাধারণ পড়ুয়াদের তরফে উপাচার্যকে চিঠি লেখা হয়। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বারবার এই মিছিলের কথা বলার পরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ছাত্রদের অভিযোগ, মিছিলকারীদের ছোড়া ইটের আঘাতে চার পড়ুয়া আহত হয়েছেন। দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তারক্ষী ও শিক্ষকদের আঘাত লেগেছে। পড়ুয়াদের দাবির মধ্যে রয়েছে, মিছিলকারীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে হবে। সাংবাদিক সম্মেলন করে এবিজিপি ও মিছিলকারীদের নিন্দা করতে হবে এবং এই ঘটনার দায় নিয়ে পড়ুয়াদের কাছে ক্ষমা চাইতে হবে। শেষে উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবি
করা হয়েছে।