


নয়াদিল্লি: সব ঠিকঠাক থাকলে ১৫ জুলাই পৃথিবীতে ফিরবেন শুভাংশু শুক্লা। সঙ্গে অ্যাক্সিয়ম-৪ অভিযানের আরও তিন সদস্য- পেগি হুইটসন, টিবর কাপু ও স্লাওস উজনানস্কি। ক্যালিফোর্নিয়ায় উপকূলে অবতরণ করবেন তাঁরা। এরপর সাতদিন রিহ্যাবে থাকবেন ভারতীয় নভশ্চর। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একথা জানিয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব নেই। যার ফলে হাড়ের ওজন কমে যায়। দুর্বল হয়ে পড়ে পেশি। এছাড়াও একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। পৃথিবীতে ফিরলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব পড়বে শরীরে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বেশ কিছুটা সময় লাগবে। সেজন্যই এই রিহ্যাব।
নাসা সূত্রে খবর, ১৪ জুলাই ভারতীয় সময় দুপুর ২টো ৩৫ নাগাদ ড্রাগনে সওয়ার হবেন শুভাংশুরা। ৪টে ৩৫ নাগাদ আনডকিং প্রক্রিয়া শেষ হবে। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টে নাগাদ ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে নামবেন চার নভশ্চর। বিবৃতিতে ইসরো জানিয়েছে, ‘স্প্ল্যাসডাউনের পর ফ্লাইট সার্জনের পর্যবেক্ষণে সাতদিনের রিহ্যাবে থাকবেন গগনযাত্রী। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে মানিয়ে নিতেই এই পদক্ষেপ। বর্তমানে ভিডিও কনফারেন্সিংয়রে মাধ্যমে শুভাংশুর স্বাস্থ্যের খবর রাখছেন ইসরোর ফ্লাইট সার্জনরা।’
২৬ জুন স্পেস স্টেশনে পৌঁছয় ড্রাগন মহাকাশযান। বিশেষজ্ঞ মহলের বিশ্বাস, এই যাত্রা ইসরোর গগনযান অভিযানে অনেকটাই সাহায্য করবে।