


নয়াদিল্লি: ‘গগনযান’ অভিযানের দিকে আরও এক ধাপ এগল ভারত। রবিবার সফলভাবে ডিসেলারেশন সিস্টেমের প্রথম ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট সম্পন্ন করল ইসরো। বায়ুসেনা, নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী ও ডিআরডিও’র যৌথ উদ্যোগে এই পরীক্ষা হয়। মহাকাশ থেকে নভশ্চরদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রক্রিয়া। এয়ার ড্রপ টেস্টের একাধিক ছবি প্রকাশ করেছে ইসরো। সেখানে দেখা যাচ্ছে, হেলিকপ্টারের সাহায্যে ৪ কিলোমিটার উচ্চতা থেকে একটি মডিউলকে নীচে নামানো হচ্ছে। ধাপে ধাপে খুলে যাচ্ছে প্যারাশ্যুট। গতি কমিয়ে নিরাপদে নেমে আসছে ক্যাপসুলটি। গগনযানের মাধ্যমে প্রথম মহাকাশে নভশ্চর পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো। জোর কদমে চলছে প্রস্তুতি। এয়ার ড্রপ টেস্ট সফল হওয়ায় আসন্ন অভিযানের জন্য আরও সাহস পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।