


সংবাদদাতা রানাঘাট: প্রথমবার শান্তিপুর হাসপাতালে জটিল ও বিরল পরিস্থিতিতে দুই প্রসূতির শরীরে সফলভাবে সম্পন্ন হল ‘ম্যাকডোনাল্ড সার্ক্লেজ’ অপারেশন। সম্পূর্ণ সরকারি খরচে এই অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে মা ও গর্ভস্থ শিশুরা সবাই সুস্থ আছে। বর্তমানে তাঁরা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত সোমবার শারীরিক সমস্যা নিয়ে শান্তিপুর হাসপাতালে ভরতি হয়েছিলেন শান্তিপুরের চরসারাগর পাড়ার বাসিন্দা কাঞ্চন বিশ্বাস ও শান্তিপুর-গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীনাথপুরের সুজাতা সাঁতরা। দু’জনের ক্ষেত্রেই চিকিৎসক জানতে পারেন যে দুই মায়ের গর্ভে একসঙ্গে তিনটি করে সন্তান রয়েছে। এছাড়া দু’জনেরই ইতিপূর্বে একটি করে সন্তান রয়েছে। আনুমানিক পাঁচ বছর আগে তাদের সিজারের মাধ্যমে সন্তান প্রসব হয়েছিল।
চিকিৎসকের ব্যাখ্যা অনুযায়ী, একসঙ্গে তিনটি সন্তান গর্ভে বড়ো হতে থাকায় জরায়ুর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছিল। এর ফলে অনেক সময় ৬-৭ মাসের মধ্যে জরায়ুর মুখ খুলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এবং নির্দিষ্ট সময়ের আগেই প্রসব হয়ে যাওয়ায় নবজাতকদের বাঁচার সম্ভাবনাও কমে যায়। এই মারাত্মক ঝুঁকি এড়াতেই এবং গর্ভস্থ ভ্রুণগুলির সুরক্ষায় জরায়ুর মুখে বিশেষ সেলাই বা ম্যাকডোনাল্ড সার্ক্লেজ অপারেশন করা হয়। সোমবার সফলভাবে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এই প্রসঙ্গে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ পবিত্র বেপারী জানান, এই ধরনের চিকিৎসা শান্তিপুর হাসপাতালে প্রথম। বর্তমানে কাঞ্চন বিশ্বাসের গর্ভকাল ১৮ থেকে কুড়ি সপ্তাহ এবং সুজাতা সাঁতরার কুড়ি থেকে বাইশ সপ্তাহ চলছে। আমাদের মূল লক্ষ্য থাকবে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সতর্কতা অবলম্বন করে এই গর্ভকালকে অন্তত ৩৪ সপ্তাহ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া। পরবর্তীতে নির্দিষ্ট সময়ে এই সেলাইগুলো কেটে দেওয়া হবে এবং সিজারের মাধ্যমে বাচ্চাগুলিকে জন্ম দেওয়া হবে।
ওই চিকিৎসক আরও জানান যে, পরপর দু’জন মায়ের ক্ষেত্রে একসঙ্গে এই ধরনের প্রেগনেন্সি এবং তার সফল চিকিৎসা সত্যিই বিরল ঘটনা। সম্পূর্ণ সরকারি খরচে এই ধরনের চিকিৎসা পরিষেবা শান্তিপুর হাসপাতালে হওয়ায় দুই প্রসূতির পরিবারই খুশি। -নিজস্ব চিত্র