


নয়াদিল্লি: চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে গুজরাত টাইটান্সের দুই ওপেনারই এগিয়ে। তবে ক্যাপ্টেন শুভমান গিলকে (৬০১) পিছনে ফেলে আপাতত রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন সাই সুদর্শন (৬১৭)। দু’জনের জুটি রীতিমতো সুপারহিট। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০৫ রান তাড়া করে দশ উইকেটে জিতে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে গুজরাত। চলতি টুর্নামেন্টে গিল-সুদর্শন মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ৮৩৯ রান। ক্রোড়পতি লিগের ইতিহাসে কোনও ভারতীয় ওপেনিং জুটি এত রান করেনি।
এই অবিশ্বাস্য ধারাবাহিকতার রহস্য কী? দিল্লির বোলিংকে ছত্রখান করে সেঞ্চুরি হাঁকানো সুদর্শন বলেছেন, ‘দলকে জিতিয়ে ড্রেসিং-রুমে ফেরার তৃপ্তিই আলাদা। মাঝে দিনকয়েকের বিশ্রামে এটা নিয়েই ভেবেছি। ম্যাচ শেষ করে আসতে হবে, নিজেকে বলেছি। আত্মবিশ্বাসও বেড়েছে। রান তাড়া করার সময় শেষ পর্যন্ত টিকে থাকার গুরুত্ব উপলব্ধি করেছি। ব্যাটিংয়ে নতুন নতুন দিক যোগ করেছি। মানসিকভাবে এখন অনেকটাই চাপমুক্ত। বাকি ম্যাচগুলিতেও নিজেকে মেলে ধরতে প্রত্যয়ী।’ গিলের সঙ্গে জুটি নিয়ে তাঁর মন্তব্য, ‘আমি যখন শট খেলতে থাকি, তখন উল্টোদিকে থাকা গিল পরিস্থিতি অনুসারে ব্যাট করে। আমরা খুচরো রানে জোর দিই। মাঝের ওভারগুলোতে স্কোরবোর্ড সচল রাখা অত্যন্ত জরুরি। আমি কোনও ভুল করলে গিল সতর্ক করে দেয়। একইভাবে, গিলকে আমিও মতামত দিই।’
প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা অবশ্য ফর্মের বিচারে গিলের চেয়ে এগিয়ে রাখছেন সুদর্শনকে। তাঁর যুক্তি, ‘সুদর্শনের সামনে ফিকে দেখিয়েছে ভারতের ভবিষ্যৎ ক্যাপ্টেনকে। দৃষ্টিনন্দন ব্যাটিং ওর। শুধু দিল্লির বিরুদ্ধেই নয়, এই মরশুমে অন্য ম্যাচগুলিতেও গিলের চেয়ে ভালো ব্যাট করেছে। খুব বেশি ঝুঁকি না নিয়েও একের পর এক বড়রান করে যাচ্ছে।’