


নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ফতেহপুর এলাকায় মনসা পুজোর প্যান্ডেলের পাশে আচমকাই বড়সড় ভূমিধস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর মধ্যেই আচমকা প্রচণ্ড শব্দে মাটি ধসে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা এবং পুজো দেখতে আসা মানুষজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মনসা পুজোর প্যান্ডেলের ঠিক পাশের একটি বড় অংশের মাটি আচমকাই ধসে যায়। তাঁর আশপাশেই রয়েছে বহু বাড়ি। সেখানে শতাধিক পরিবার রয়েছে। হাজার হাজার মানুষ বসবাস করেন। মাটি ধসে যাওয়ার পর থেকেই একাধিক বাড়ি নিয়ে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের অনুমান, ধসের পরিধি আরও বাড়লে আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের দুর্ঘটনা, প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতির আশঙ্কাও রয়েছে বলে তাঁদের দাবি। পুজো উপলক্ষে এলাকায় মানুষের ভিড় থাকায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যক্তিরা।