


মুল্লানপুর: টানা দু’টি জয়ে এবারের আইপিএলের অভিযান শুরু করেছিল পাঞ্জাব কিংস। তবে গত ম্যাচে ইডেনে কেকেআরের বিরুদ্ধে ছন্দপতন ঘটে তাদের। না, নিজেদের ব্যর্থতায় নয়। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট খোয়াতে হয় শ্রেয়স আয়ার ব্রিগেডকে। এমন পরিস্থিতিতে মুল্লানপুরে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে পাঞ্জাব। গত ম্যাচের হতাশা ঝেড়ে ফেলে ঘরের মাঠে জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য প্রীতি জিন্টার দলের।
গত মরশুমে শ্রেয়স দলে যোগ দেওয়ার পর থেকেই খোলনলচে বদলে গিয়েছে পাঞ্জাব কিংসের। ক্যাপ্টেন হিসেবে প্রথম বছরই দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে খেতাবি লড়াইয়ে আরসিবি’র কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। গতবারের আক্ষেপ এবার মেটাতে তাই বদ্ধপরিকর কিংসরা। মরশুমের শুরু থেকেই সেই তাগিদ স্পষ্ট অর্শদীপ সিং- কুপার কনোলিদের পারফরম্যান্সে। গত ম্যাচে কেকেআরকেও চাপে ফেলে দিয়েছিল পাঞ্জাব। বার্টলেটের দাপটে ইডেনে মাত্র ১৬ রানেই ২ উইকেটে খুইয়ে ধুঁকছিল অজিঙ্কা রাহানের দল। তবে শেষ পর্যন্ত বৃষ্টি বাঁচিয়ে দেয় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। আর শ্রেয়সদের এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। উল্লেখ্য, পাঞ্জাবের ব্যাটিং বিভাগে ফর্মে আছেন দুই ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আর্য। এছাড়া শ্রেয়স আয়ার, কুপার কনোলিও নিয়মিত রান করছেন। তাছাড়া মার্কো জানসেন, মার্কাস স্টোইনিসের মতো অলরাউন্ডার যে কোনও দলের কাছে সম্পদ। পাঞ্জাবের বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী। পেস বিভাগে বড় অস্ত্র অর্শদীপ সিং ও মার্কো জানসেন। এছাড়া বার্টলেটও দারুণ ছন্দে। স্পিন বিভাগে আবার বড় ভরসা যুজবেন্দ্র চাহাল।
পক্ষান্তরে, খাতায়-কলমে সানরাইজার্স হায়দরাবাদও বেশ শক্তিশালী দল। ব্যাটিংয়ে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনরিখ ক্লাসেনের মতো বিধ্বংসী ব্যাটার আছেন। কিন্তু তাঁদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। বোলিংয়ে রয়েছে ঈশান মালিঙ্গা, হার্শল প্যাটেল, জয়দেব উনাদকাটরাও এখনও পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারছেন না। তাছাড়া ফুলটাইম অধিনায়ক প্যাট কামিন্সের অভাবও ভোগাচ্ছে। শেষ তিন ম্যাচের মধ্যে দু’টিতে হেরে রীতিমতো চাপে ঈশান-ব্রিগেড। তাই শনিবার ঘুরে দাঁড়াতে মরিয়া অভিষেক-হেডরা।