


নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে বিহারের বিধানসভা ভোট। তার আগে ফের ধাক্কা খেলেন আরজেডি ‘সুপ্রিমো’ লালুপ্রসাদ যাদব। সিবিআইয়ের দায়ের করা জমির বদলে চাকরি কেলেঙ্কারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রেহাই দিল না সুপ্রিম কোর্ট। এই কাণ্ডে নিম্ন আদালতে চলা বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন লালু। শুক্রবার সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে বিচারপতি এম এম সুন্দরেশ এবং এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ। তবে ৭৭ বছর বয়সি লালুর ভগ্ন স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপতিদ্বয় জানিয়েছেন, প্রবীণ এই নেতাকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে হবে না।
জমির বদলে চাকরি মামলায় স্থগিতাদেশ চেয়ে এর আগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী। সেই আর্জি খারিজ হয়ে যাওয়ায় লালু সুপ্রিম কোর্টে যান। এদিন সেই আবেদনের শুনানিতে বিচারপতি সুন্দরেশ বলেন, ‘আমরা স্থগিতাদেশ দেব না। আবেদনটি খারিজ করা হচ্ছে। আগে মূল বিষয়টির নিষ্পত্তি হোক। তবে বয়সের কথা মাথায় রেখে তাঁকে (লালুপ্রসাদ) আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত করা হচ্ছে।’ ইউপিএ সরকারের আমলে ২০০৪-২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু। সেই সময় রেলের গ্রুপ ডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বাজারদরের চেয়ে বহু কম দামে জমি হাতিয়ে তার বদলে রেলের চাকরি দেওয়া হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার।