


নয়াদিল্লি: রোহিঙ্গারা শরণার্থী নাকি অনুপ্রবেশকারী? এই প্রশ্নের মীমাংসা আগে প্রয়োজন। এর উত্তর মিললেই বাকি সমস্ত বিষয়ের ফয়সালা হয়ে যাবে। সুপ্রিম কোর্টে রোহিঙ্গা সংক্রান্ত একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। সেই মামলাগুলির পর্যবেক্ষণে এই প্রশ্ন তুলেছে বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংকে নিয়ে গঠিত বেঞ্চ। রোহিঙ্গা সংক্রান্ত প্রশ্নগুলিকে তিনটি ভাগে বিভক্ত করে শুনানি হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে আদালত। প্রথম ভাগে থাকছে রোহিঙ্গা সংক্রান্ত মামলা। দ্বিতীয়ভাগে থাকছে রোহিঙ্গাদের সমস্যা সংক্রান্ত মামলা। প্রতিটি বিষয়ের আলাদা করে শুনানি হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রত্যেক বুধবার এবার এই মামলাগুলির শুনানি হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রথমে বিবেচনা করে দেখতে হবে রোহিঙ্গারা শরণার্থীর মর্যাদা পাওয়ার যোগ্য কি না? যদি যোগ্য হয়, তবে তারা কী ধরনের সুরক্ষা এবং সুবিধা পাওয়ার যোগ্য, তা জানাতে হবে। আদালত আরও জানিয়েছে, ‘যদি তারা অনুপ্রবেশকারীও হয়, তবে কেন্দ্র ও রাজ্যের পক্ষ থেকে তাদের বিতাড়িত করা সমর্থনযোগ্য কিনা, তাও বিচার করে দেখতে হবে।’ যদি ধরেও নেওয়া যায়, তারা অনুপ্রবেশকারী, তবে তাদের অনির্দিষ্টকালের জন্য আটক রাখা বা জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখতে হবে। আবার বহু রোহিঙ্গাকে আটক করা হয়নি, তারা ক্যাম্পে রয়েছে। পানীয় জল, স্বাস্থ্য এবং শিক্ষার মতো প্রাথমিক পরিষেবা তারা পাচ্ছে কি না, তাও খতিয়ে দেখতে হবে।