


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের। আপাতত তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ তাঁকে এই অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে। তবে তদন্ত প্রক্রিয়া থেকে অবশ্য পুরোপুরি ছাড় পাননি সুমিত। সর্বোচ্চ আদালত স্পষ্ট ভাবে জানিয়েছে, জমি-দুর্নীতি মামলার তদন্ত স্বার্থে সুমিতকে তদন্তকারীদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতেই হবে। পুলিশ আধিকারিকরা প্রয়োজনে তাঁকে সকাল ১০টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
উল্লেখ্য, শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন এবং রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। কিন্তু গত সোমবার অর্থাৎ ৩ আগস্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। পাশাপাশি বলা হয়েছিল, ১০ দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকদের কাছে সুমিতকে হাজিরা দিতে হবে। সহযোগিতা করতে হবে তদন্তেও। কিন্তু গ্রেপ্তারির আশঙ্কায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আর তাতেই মিলল স্বস্তি। আজ আদালত জানিয়ে দিয়েছে, মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত কোনওভাবেই সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না।