


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের বন্ধ ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ টাকা। হদিশ মিলেছিল ভিআইপি রুমের। সেই ঘটনায় অভিযুক্ত হিসাবে প্রথম সারিতে নাম স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের। আগাম জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি উঠলে সব পক্ষের বক্তব্য শোনার পর তিনি ওই আবেদন খারিজ করে দেন।
রাজ্যে সরকার বদলের পরেই কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। ওই টাকার বেশিরভাগই উইয়ে খাওয়া ছিল! কীভাবে তৃণমূল পরিচালিত ইউনিয়ন রুমে ওই বিপুল পরিমাণ টাকা এল? তা নিয়ে প্রশ্ন ওঠে। তৃণমূল নেতা দেবাশিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। গ্রেপ্তারির আশঙ্কাও দেখা দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মামলাতে সরকারি আইনজীবীদের পক্ষ থেকে জামিনের তীব্র বিরোধিতা করা হয়। তাঁরা দাবি করেন, এই আবেদন মঞ্জুর হলে তদন্তে প্রভাব পড়তে পারে। তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কাও থাকছে। সাক্ষীদের ভয় দেখানো, প্রভাবিত করার ঘটনাও ঘটতে পারে! মামলার গুরুত্ব ও অভিযোগ খতিয়ে দেখে আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি।