


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: আজ মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের সবজি বাজার এলাকায় এক যৌথ অভিযানে নামেন জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর সহ পুলিশ সুপার মানব সিংলা। তাঁদের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা শাসক, এসডিপিও-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
অভিযান চলাকালে আধিকারিকেরা সরাসরি খুচরো ও পাইকারি দোকানে গিয়ে চাল, পেঁয়াজ, চিনি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজারদর খতিয়ে দেখেন তাঁরা। বিক্রেতা ও গ্রাহকদের সঙ্গে কথা বলে বর্তমান দামের পরিস্থিতি পর্যালোচনা করেন জেলাশাসক।
পরিদর্শন শেষে জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর জানান, সাম্প্রতিক সময়ে চিনি ও পেঁয়াজের দামে একটি আচমকা বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। আমরা ব্যবসায়ীদের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য যাচাই করে দেখেছি। মূল সমস্যাটি সৃষ্টি হয়েছে যেখান থেকে এগুলি আমদানি করা হচ্ছে সেই উৎসস্থলে। খুচরো ব্যবসায়ীরা কেনা দামেই বিক্রি করছেন। তবে পুরো বিষয়টির ওপর প্রশাসন নিয়মিত নজরদারি চালাবে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে, যাতে কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে ইচ্ছাকৃতভাবে দাম না বাড়ায়।