


শ্রীনগর, ১৯ মার্চ ২০২৫: ফের জম্মু ও কাশ্মীরকে অশান্ত করার প্রচেষ্টায় সক্রিয় জঙ্গি সংগঠনগুলি। গত ১০০ ঘণ্টায় ভূ-স্বর্গ থেকে উদ্ধার হয়েছে চার-চারটি আইইডি। নিরাপত্তা বাহিনীর তরফে সেই বিস্ফোরকগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে পরপর আইইডি উদ্ধারের জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে, ফের কি বড়সড় কোনও ষড়যন্ত্র পাকানোর চেষ্টা করছে জঙ্গি সংগঠনগুলি?
সম্প্রতি, বুধবার একটি বিস্ফোরক উদ্ধারের পর আবারও এই প্রশ্ন মাথাচারা দিয়ে উঠেছে। উত্তর কাশ্মীরের বান্দিপোরা হাইওয়ে থেকে উদ্ধার করা হয়েছে একটি পেসারকুকার আইইডি। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, বান্দিপোরা হাইওয়ের সানসেট পয়েন্ট থেকে এই আইইডি উদ্ধার করা হয়। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া বয় বম্ব স্কোয়াডে। তারা বোমাটিকে নিষ্ক্রিয় করেছে।
পুলিস সূত্রে দাবি, গত কয়েক বছরে উপত্যকায় লাগাতার সন্ত্রাসবিরোধী অভিযানে জঙ্গি সংগঠনগুলি দুর্বল হয়ে পড়েছে। সেই কারণেই বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাস ছড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে কিছু জঙ্গি সংগঠন। গত ১০০ ঘণ্টায় এমন চারটি আইইডি উদ্ধারের ঘটনায় স্পষ্ট হয়ে উঠছে যে, ভূ-স্বর্গে বড় কোনও ‘ঘোঁট’ পাকানোর পরিকল্পনা করছে জঙ্গিগোষ্ঠীগুলি। তবে, নিরাপত্তা বাহিনী সতর্ক থাকায় ব্যর্থ হচ্ছে যাবতীয় ষড়যন্ত্র।
প্রসঙ্গত, এর আগে সোমবার কুপওয়ারা এবং কুলগামে একটি করে আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। এরপর মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার হারদিপোরা এলাকায় একটি আইইডি উদ্ধার করা হয়। বুধবার আবার বোমা মিলল বান্দিপোরা-শ্রীনগর হাইওয়ের সংলগ্ন এলাকা থেকে। যা যড়যন্ত্রের গন্ধকেই আরও উস্কে দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।