


নিজস্ব প্রতিনিধি, বারাসত ও কলকাতা: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে একটি গাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সন্দেহজনক রাসায়নিক। যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এই ঘটনায় স্থানীয় এক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দত্তপুকুর বাজার লাগোয়া তেঁতুলতলা এলাকায় যশোর রোডের ধারে দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকা একটি সাদা রঙের গাড়িকে ঘিরে ঘটনার সূত্রপাত। গতকাল দুপুর থেকে গাড়িটি পড়ে ছিল। রাতে পুলিশকে খবর দেন স্থানীয়রা। স্থানীয় থানার পুলিশ গিয়ে গাড়ি থেকে রাসায়নিক উদ্ধার করে। সেটি বিস্ফোরক হতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করেন তদন্তকারীরা। এরপরে ওই এলাকা ঘিরে ফেলা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ঘটনাস্থলে ছুটে আসেন বারাসত জেলা পুলিশ এবং এসটিএফের উচ্চপদস্থ কর্তারা। ডাকা হয় বম্ব স্কোয়াডকে। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। রাতেই ঘটনাস্থলে আসেন এনএসজি এবং এনআইএ-র আধিকারিকরা।
বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, গাড়িটি জনৈক রকিবুল শেখের। মোট চারটি গাড়ির শোরুম আছে তাঁর। বিড়া, দত্তপুকুরের তেঁতুলতলা ও দিঘার মোড় এবং দেগঙ্গার বেড়াচাঁপা এলাকায়। এরমধ্যে তেঁতুলতলার শোরুমের বাইরে সন্দেহজনক গাড়িটি রাখা ছিল। এই গাড়িতে তিনি নিয়মিত যাতায়াতও করেন। তদন্তের স্বার্থে রকিবুলকে আটক করা হয়েছে।
উদ্ধার রাসায়নিক জাতীয় পদার্থটি কোনও শক্তিশালী রাসায়নিক নয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে বেঙ্গল এসটিএফ। ফরেন্সিক পরীক্ষার পর এর প্রকৃতি বোঝা সম্ভব হবে বলে জানিয়েছেন তাঁরা।