


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বেশ কয়েকদিনের টালবাহানার অবসান হয়েছে। গতকালই ভারতীয় রেল রাজগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থীর ইস্তফা গ্রহণ করে। আর আজ, সোমবার নিজের মনোনয়ন জমা দিলেন ভারতের হয়ে সোনা জেতা অ্যাথলিট স্বপ্না বর্মন। মনোনয়ন জমা দিয়ে স্বপ্না বলেন ছোট থেকেই তিনি লড়াই করে এসেছেন। আর এগোতে গেলে লড়াই করতে হবে। এই লড়াই করতে তিনি তৈরি। স্বপ্নার দাবি তিনি অনেকদিন আগেই চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু সেই ইস্তফা গ্রহণ করতে রেল অনেকটা দেরি করেছে। আর সেই জন্যই সমস্যা তৈরি হয়েছিল। যা এখন মিটে গেছে। নিজেকে রাজগঞ্জের ঘরের মেয়ে বলে স্বপ্না বলেন, যখন অ্যাথলেটিক্সে ছিলাম তখন বাবার হাত আমার মাথায় ছিল। এখন গোটা রাজগঞ্জের মানুষের হাত আমার মাথার উপরে আছে। প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী। সম্প্রতি মারা গেছেন স্বপ্নার বাবা, সংবাদ মাধ্যমের কাছে স্বপ্নার অনুরোধ এই পরিস্থিতিতে তার নামে যেন কোন ভুয়ো খবর ছড়ানো না হয়। গোটা দেশ এতদিন স্বপ্না কে চিনত ক্রীড়াবিদ হিসেবে, আসন্ন নির্বাচনে জিতে খেলাধুলার প্রতি বাড়তি নজর দেবেন বলে জানান এই প্রাক্তন অ্যাথলিট। তার মতে তিনি রাজনীতিতে নতুন হতে পারেন কিন্তু জীবনের লড়াইতে নয়। ফলে এই লড়াইও তিনি ঠিক জিতে নেবেন। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে বোদাগঞ্জে সতীপীঠ মন্দিরে পুজো দেন স্বপ্না বর্মন।